১৪ দিনের মধ্যে ভেন্যু চূড়ান্তের নির্দেশ এএফসির

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

  সোহেল সারোয়ার চঞ্চল

কাতার বিশ্বকাপ ফুটবল বাছাই ম্যাচে আগামী ৮ অক্টোবর বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হবে। এই খেলাটি বাংলাদেশের কোন ভেন্যুতে হবে সেটি জানাতে সময় বেঁধে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী ১৪ দিনের মধ্যে এএফসিকে নিশ্চিত করতে হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের স্টেডিয়াম। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘এএফসি চিঠি পাঠিয়ে বলেছে ৩১ জুলাইয়ের মধ্যে ভেন্যু চূড়ান্ত করে জানিয়ে দিতে হবে।’ এখন প্রশ্ন উঠল বাফুফে কেন এই ম্যাচের ভেন্যু নির্ধারণে এতো সময় নিল। সোহাগের পরিষ্কার জবাব, ‘ভেন্যু তো চূড়ান্ত করাই আছে। চেয়ার বসানোর কাজ শেষ হয়ে গেলেই সব ঠিক। এছাড়াও ফ্লাড লাইট নিয়ে কাজ হবে। আমাদের চাওয়া ছিল ফ্লাড লাইট। আশা করি, সেটাও ঠিক হয়ে যাবে।’ এতো দিন সিলেট ভেন্যু নিয়ে পরিষ্কার করে কথা বলেননি সোহাগ। ভেন্যু নিয়ে সন্দেহ ছিল। কাল জানিয়ে দিলেন সিলেটের মাঠে খেলা হবে। তারপরও একটা যদি রয়ে গেছে, এএফসির অনুমতির দরকার আছে। তারা সবুজ সংকেত দিলেই কাজ শেষ। বঙ্গবন্ধু স্টেডিয়াম এএফসি ও ফিফার কাছে গ্রহণযোগ্য হলেও সেখানে এখন চেয়ার নেই। সিলেটে চেয়ার বসানোর কাজ প্রায় হয়ে গেছে বলে সোহাগের কাছে নাকি ছবিও আছে। সোহাগ জানালেন, ২৪ হাজার আসনের স্টেডিয়ামে ১৫-১৬ হাজার চেয়ার বসালে আসন সংখ্যাও কমে যাবে।

সিলেটে আগেও আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হয়েছে। আয়োজনের ঘাটতি খুব একটা না থাকলেও সেখানে কড়াচোখ রাখবে এএফসি। ভুলত্রুটি ধরা পড়লে ভবিষ্যতে ভেন্যু নিয়ে বিপাকে পড়বে বাংলাদেশ।

১৩ অক্টোবর বাংলাদেশ কাতার ম্যাচ দোহায়। বাকি দুই ম্যাচ ১২ নভেম্বর ভারতের বিপক্ষে, ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে, লড়াই হবে বাংলাদেশে। সেই ম্যাচ দুটি ভেন্যু নির্ধারণ করতেও সময় বেঁধে দিয়েছে এএফসি। ভারত এবং ওমানের বিপক্ষে ম্যাচ দুটির ভেন্যু চূড়ান্ত করতে হবে ৩১ আগস্টের মধ্যে। সোহাগ বললেন, ‘আরে ভাই ৮ অক্টোবরের ম্যাচের ভেন্যুর কাজ শেষ করি, তারপর বাকি দুটির কাজও করে ফেলব।’

করোনা ভাইরাসের কারণে ফুটবল দুনিয়া বন্ধই হয়ে গিয়েছিল। এখন ইউরোপীয়ান লিগগুলো সচল হলেও বাংলাদেশের ফুটবল এখনো মাঠে গড়াতে পারেনি। ফিফা এএফসি কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলে বাছাইয়ের খেলাগুলো শুরু করতে পদক্ষেপ গ্রহণ করেছে। বাফুফেও সক্রিয় হয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের যে চারটি ম্যাচ রয়েছে সেখান হতে চারটি পয়েন্ট তুলে নিতে চান এমন মন্তব্য করেছেন পুনরায় নিয়োগ পাওয়া ইংলিশ কোচ জেমি ডে।  গত বৃহস্পতিবার বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ভার্চুয়ার মিটিংয়ে জেমি ডে বলছিলেন, ‘আমরা ১ পয়েন্ট পেলেও পারফরম্যান্সের বিচারে বলা যায় বাংলাদেশ আগের চার ম্যাচে ভালো করেছে। তবে পয়েন্ট আরো বেশি পেলে সবার চোখেও পড়তো।  তবে  এটাও বলতে হয় প্রতিপক্ষগুলোর দিকে তাকিয়ে বলতে পারি, সবগুলো ম্যাচই কঠিন হবে। তিনটি মাচে স্বাগতিক ম্যাচের সুবিধা পাব আমরা, তাই তিন-চার পয়েন্ট আমরা আশা করতে পারি। ছেলেরা মাঠে চেষ্টা করবে, সঙ্গে লাগবে দর্শকদের সমর্থন।’