স্পেন অনিশ্চিত
স্পোর্টস ডেস্ক
করোনাসৃষ্ট স্থবিরতার পর ফুটবল মাঠে ফিরলেও দর্শকদের ওপর নিষেধাজ্ঞা এখনো আছে ইংলিশ প্রিমিয়ার লিগে। তবে আসছে মৌসুমেই এ স্থবিরতা কাটতে পারে বলে জানিয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। স্পেনে অবশ্য শিগিগরই দর্শক ফেরার সম্ভাবনা নেই, জানিয়েছেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা।
করোনার কারণে তিন মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর গত জুন থেকে আবারও শুরু হয়েছে প্রিমিয়ার লিগ। স্বাস্থ্যবিধি মেনে ফাঁকা মাঠে খেলছেন মোহামেদ সালাহ-কেভিন ডি ব্রুইনরা। ক্রিকেট মাঠেও নেই দর্শক, বেন স্টোকস, জো রুটরাও খেলছেন খালি গ্যালারির সামনেই।
তবে অবস্থা পরিবর্তন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে ইংল্যান্ডে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন চলতি মাস থেকে দর্শক ফেরানোর একটা পরীক্ষামূলক প্রকল্প হাতে নেবে সরকার। আগামী ২৬ ও ২৭ জুলাই মিডলসেক্স আর সারের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ, ৩১ জুলাই বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ ও ১ আগস্ট গুডউড ঘৌড়দৌড় উত্সব থাকবে এ পরীক্ষামূলক প্রকল্পের অধীনে।
ব্রিটিশ সরকারের আশা, পরীক্ষামূলক প্রকল্পে সাফল্য নিয়ে অক্টোবরেই দর্শকদের অনুমতি মিলবে মাঠে আসার। জনসনের ভাষায়, ‘খেলাধুলার ভেন্যুগুলোয় আমরা বড় জনসমাবেশের আয়োজন করতে যাচ্ছি। অক্টোবরেই স্টেডিয়ামে দর্শকরা ফিরতে পারবেন আশা করি। তবে এসব কোভিড-সুরক্ষিত পন্থাতেই আয়োজন করতে হবে যেন ফলাফলটা সুফল বয়ে আনে।’
ইতালিতেও দর্শকহীন সময়ের ইতি ঘটানোর ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিওসেপ্পে কন্তে। তবে স্পেনে শিগিগরই দর্শকদের মাঠে আসার অনুমতি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। দেশটিতে করোনা পরিস্থিতি আবারও অবনতির দিকে হাঁটছে। ইতিমধ্যেই কাতালুনিয়াসহ আরো এক প্রদেশে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে সম্প্রতি।
এমন অবস্থায় দর্শক ফেরার সম্ভাবনা দেখছেন না স্পেনের স্বাস্থ্যমন্ত্রী। তার ভাষ্য, ‘এই মুহূর্তে দেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে শিগিগরই দর্শকদের মাঠে ফেরার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ঝুঁকি আছে এখনো। স্টেডিয়ামে দর্শক ফেরানোর আগে আরো তথ্য ও সময় প্রয়োজন আমাদের। এই ভাইরাস নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের, এজন্য সহসাই বড় জনসমাগমের অনুমতি দিতে পারছি না আমরা।’