বিরাট ক্ষতিপূরণ দেবে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ডেকান চার্জার্স ফ্র্যাঞ্চাইজিকে অন্যায়ভাবে বাদ দেওয়ায় বিরাট ক্ষতিপূরণ দিতে হবে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই)। সাবেক এই ফ্র্যাঞ্চাইজিটির মালিক কোম্পানি ডেকান ক্রনিক্যাল হোল্ডিংসকে (ডিসিএইচএল) ৪ হাজার ৮০০ কোটি ভারতীয় রুপি ক্ষতিপূরণ দিতে হবে বিসিসিআইকে।

২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ডেকান। তবে ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ফ্র্যাঞ্চাইজিটিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই ফ্র্যাঞ্চাইজি মালিকরা মুম্বাই হাইকোর্টে বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে।

আট বছর পর শুক্রবার এই মামলায় জয়ী হলো ডিসিএইচএল। বিসিসিআইয়ের অন্তর্বর্তী প্রধান নির্বাহী হেমাঙ আমিন জানান, রায়ের কপি হাতে পাওয়ার পর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

পুরো বিষয়টির সূত্রপাত হয়েছিল ডিসিএইচএল ১০০ কোটি রুপির ব্যাংক গ্যারান্টি বিসিসিআইকে দিতে ব্যর্থ হওয়ায়। এর পরিপ্রেক্ষিতেই আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয় ডেকান চার্জার্সকে।