এখনো টেস্ট খেলতে প্রস্তুত গাঙ্গুলি!

স্পোর্টস ডেস্ক

ফিটনেস আর ছন্দ ফিরে পেতে তিন মাস সময় দেওয়া হলে এখনো চাইলে টেস্ট খেলতে পারবেন বলে দাবি করলেন সৌরভ গাঙ্গুলি। শুধু খেলাই নয়, দলের জন্য রানও করতে পারবেন বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার এই সভাপতি।

২০০৮ সালে টেস্ট দিয়েই ক্রিকেটকে বিদায় বলেন সৌরভ। এক বছর আগে ছেড়ে দেন ওয়ানডেও। তবে তার বিদায়টা সুখকর ছিল না। ব্যাটসম্যান হিসেবে দলের জন্য আরো রান করতে পারতেন বলে জানালেন তিনি।

বললেন, ‘আমাকে যদি আরো দুটি ওয়ানডে সিরিজ খেলতে দেওয়া হতো, আমি আরো বেশি রান করতাম। নাগপুরে অবসর না নিলে পরের দুই টেস্ট সিরিজেও রান করতাম। এমনকি এখনো যদি আমাকে ছয় মাস অনুশীলন করতে দেওয়া হয়, রঞ্জিতে তিনটা ম্যাচ খেলতে দেওয়া হয়, আমি ভারতের হয়ে টেস্টে রান করতে পারব। আমার ছয় মাসও লাগবে না, আমাকে তিন মাস সময় দিলেই আমি রান করব।’

২০০৮ সালে জাতীয় দল থেকে অবসর নিলেও, ২০১১ সালে সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেন গাঙ্গুলি। ২০০৭ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর তাকে দল থেকে বাদ দেওয়া হয়। ওভাবে বাদ পড়াটা এখনো মানতে পারেন না তিনি।

বললেন, ‘ওভাবে বাদ পড়াটা ছিল অবিশ্বাস্য। ঐ বছরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন ছিলাম আমি। তারপরও আমাকে বাদ দেয়া হয়। আমাকে এখনো ওভাবে বাদ পড়াটা কষ্ট দেয়।’