ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল কুলিক নদীতে শনিবার (১৮ জুলাই) দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বেল্লাল পারভেজ (২০) ওরফে আশিক নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আশিক উপজেলার লেহেম্বা ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়ি গ্রামের সাবেক সেনা সদস্য গোলাম মোস্তফার ছেলে এবং মরহুম সোহরাব হোসেন ময়নামতি আমিনের নাতি।
আশিক ১৯- বেঙ্গল ঢাকা- সাভার ক্যান্টনমেন্টে সেনা সদস্য হিসাবে কর্মরত ছিলেন এবং গত ২ জুলাই ৪৫ দিনের ছুটিতে বাড়িতে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ জুলাই দুপুর আনুমানিক ১২টার দিকে আশিক স্থানীয় কুলিক নদীতে ৬ বন্ধু মিলে গোসল করতে যায়। নদীতে সাঁতার দেয়ার এক পর্যায়ে আশিক স্রোতে তলিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আশিককে উদ্ধারের চেষ্টা করে। পরে দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে এগিয়ে যায়নি বলে আশিকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এ ব্যাপারে রাণীশংকৈল ফায়ার ব্রিগেডের ডিউটি অফিসার মাহবুব হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, পানিতে তলিয়ে যাওয়ার ক্ষেত্রে ডুবুরীর প্রয়োজন, তবে আমাদের যতটা সাধ্য আমরা সহযোগিতা করেছি। স্থানীয় লোকজনের সহযোগিতায় এক ঘন্টা অভিযান চালিয়ে আশিকের মৃতদেহ উদ্ধার করা হয়।
রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আশিকের লাশ বিকেল সোয়া তিনটার
দিকে সৈয়দপুর সেনানিবাসে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে লাশ ফেরত আসলে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
ইত্তেফাক/এমএএম