আল্লাহর দলের বিভাগীয় নায়েকসহ গ্রেফতার ২

ইত্তেফাক রিপোর্ট

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের এক নেতাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। শুক্রবার গভীর রাতে দিনাজপুরে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো—আলী আকাশ ও শাহাবুল ইসলাম সজল। তাদের মধ্যে আলী আকাশ বিভাগীয় নায়েক হিসাবে গাজীপুর ও নরসিংদী জেলার দায়িত্ব পালন করছিলেন। অপরজন সংগঠনের সক্রিয় সদস্য।

এটিইউর পুলিশ সুপার (গণমাধ্যম) মাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আড়াইটার দিকে দিনাজপুরের পুলহাট কসবা এলাকার সেন্ট ফিলিপস হাইস্কুলসংলগ্ন আবদুর রহমানের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাদের হত্যা ও নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোনসেট ও সংগঠনের বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়েছে।