আইসিএমএবির বাজেট পরবর্তী আলোচনা
ইত্তেফাক রিপোর্ট
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাজেটে সরকার স্বাস্থ্য এবং কৃষি খাতে গুরুত্ব দিয়েছে বর্তমান এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে। প্রথমত আমাদের মানুষকে বাঁচাতে হবে। এবারের বাজেটটা হচ্ছে এক ধরনের রিকভারি বাজেট। সম্প্রতি দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়া বিষয়ক এক ওয়েবিনারে এসব কথা বলেন। চলতি বছরে বেশ বড় ঘাটতি রেখে বাজেট ঘোষণার পরিপ্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের প্রয়োজন বিভিন্ন খাতে ব্যয়গুলো যথাযথ পর্যবেক্ষণ করা। আমাদের অনেক খাতেই অপব্যয় হয়, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। খরচ করতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বিভিন্ন সময় দেখা যায় ভুলভাবে বা অনিয়ন্ত্রিত বা অপ্রয়োজনীয়ভাবে খরচ হয়। এগুলো সার্বিকভাবে নিয়ন্ত্রণের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক জ্যেষ্ঠ সচিব এবং এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া এনডিসি, এনবিআর সদস্য রঞ্জন কুমার ভৌমিক এফসিএমএ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম আলোচক হিসেবে এ ওয়েবিনারে অংশ নেন। আইসিএমএবি প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ এতে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন। ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।