ইরানে আড়াই কোটি মানুষ করোনায় আক্রান্ত :রুহানি

­রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই কোটি। আরো সাড়ে ৩ কোটি মানুষ এই  প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে। শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। অথচ একদিন আগে সরকারি হিসেবে এই আক্রান্তের সংখ্যা আড়াই লাখেরও কিছু বেশি বলা হয়েছিল।  

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী ইরান। সরকারি হিসেব মতে, ৮ কোটি জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৭১ হাজার ৬০৬ জন। প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ হাজার ৭৯১ জন। ঐদিন টেলিভিশনে দেওয়া ভাষণে রুহানি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন হিসেব মতে, দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছে আড়াই কোটি মানুষ। মারা গেছেন প্রায় ১৪ হাজার। এখনো সংক্রমণের শঙ্কা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘২ লাখেরও বেশি রোগী হাসপাতালে চিকিত্সাধীন। আরো ৩ থেকে সাড়ে ৩ কোটি মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।’ মৃতের সংখ্যা ঠিক থাকলেও আক্রান্তের সংখ্যার হিসেবে এত বিশাল অমিল কেন, এ বিষয়ে কিছু জানাননি ইরানের  প্রেসিডেন্ট।

এদিকে দেশটিতে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে রাজধানী তেহরানে এখনো ধর্মীয় ও সাংস্কৃতিক সভা বন্ধ রয়েছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। এছাড়া স্কুল, ক্যাফে, বিনোদন পার্ক ও চিড়িয়াখানাও বন্ধ রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে,গত ২৪ ঘণ্টায় সেখানে ১৮৮ জন মারা গেছে। রবিবার থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের ২২টি শহরে তিন দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার কারণে মানুষের আয়-রোজগার কমে যাওয়ায় ঐ প্রদেশের বেহবাহান শহরে গত বৃহস্পতিবার ব্যাপক বিক্ষোভ হয়। এ সময় পুলিশ বিক্ষোভ দমাতে কাঁদানে গ্যাস ব্যবহার করে।