টুইটার অ্যাকাউন্ট থেকে তথ্য ডাউনলোড করেছে হ্যাকাররা

অ্যাকাউন্টগুলো ভেরিফায়েড নয় :টুইটার

রয়টার্স ও বিবিসি

যুক্তরাষ্ট্রে হ্যাকিংয়ের কবলে পড়া টুইটার অ্যাকাউন্টগুলোর মধ্যে আটটির তথ্য ডাউনলোড করতে সক্ষম হয়েছে হ্যাকাররা। তবে এগুলোর কোনোটিই ভেরিফায়েড অ্যাকাউন্ট নয় বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন ব্যক্তিসহ শতাধিক অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়ে। হ্যাক হওয়া অ্যাকাউন্টের তালিকায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, বিলিয়নিয়ার এলন মাস্ক, অ্যামাজনের সিইও জেফ বেজোস, যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, র্যাপার কেনি ওয়েস্ট ও তার স্ত্রী টিভি সেলিব্রেটি কিম কার্দাশিয়ান এবং বিলিওনার মাইকেল ব্লুমবার্গ। হ্যাক হওয়া এসব টুইটার অ্যাকাউন্ট থেকে একইরকম পোস্ট দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘করোনা ভাইরাস মোকাবিলায় আমি সমাজের জন্য কিছু করতে চাই। আমার অ্যাকাউন্টে আপনারা ১ হাজার বিটকয়েন দিলে আমি ২ হাজার বিটকয়েন ফেরত দেব।’ এর নিচে বিটকয়েন পাঠানোর একটি ঠিকানাও দেওয়া হয়েছে । সব টুইটেই একই ঠিকানা দেওয়া হয়েছে।

শনিবার টুইটার কর্তৃপক্ষ জানায়, হ্যাকাররা ১৩০টি অ্যাকাউন্টকে লক্ষ্যবস্তু করেছিল। তবে তারা ৪৫টির পাসওয়ার্ড রিসেট করে এগুলোর নিয়ন্ত্রণ নিতে পেরেছে। ঐ ৪৫টি অ্যাকাউন্ট থেকেই টুইট করেছে তারা। আটটি অ্যাকাউন্ট এর বিস্তারিত তথ্য ডাউনলোড করতে পারলেও সেগুলো ভেরিফায়েড অ্যাকাউন্ট নয়। টুইটার কর্তৃপক্ষ আরো জানিয়েছে, সাম্প্রতিক হ্যাকিং নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে তারা।