কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ উপলক্ষে গত রবিবার দিনব্যাপী আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানমালায় শিক্ষার্থী ও অভিভাবকসহ নগরীর বিশিষ্টজনদের উপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস এক মিলনমেলায় পরিণত হয়। বর্ণিল আয়োজনে উত্সবমুখর পরিবেশে বিভিন্ন শিল্পী ও শিক্ষার্থীদের নাচ-গানে মেতে ওঠেন সকলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ ও অতিরিক্ত সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
প্রধান অতিথি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-ভাবনা দেখে মাঝে মাঝে অবাক হই। দিন নেই, রাত নেই, শুধু কাজ আর কাজ। তিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখাতে জানেন। তিনি দ্বিতীয় স্যাটেলাইট উেক্ষপণের স্বপ্ন দেখছেন। তার নেতৃত্বের গুণে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের এ এগিয়ে যাওয়ার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা যতদিন থাকবে বাংলাদেশ ততোদিন এগুবে।’ তিনি আরো বলেন, ‘কুমিল্লার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। দক্ষ নেতৃত্বের কারণে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ভালো ফলাফলের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে বেশ সুনাম অর্জন করছে।’ সাবেক জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। এ প্রতিষ্ঠানের সমৃদ্ধির ক্ষেত্রে পরবর্তী জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম এবং বর্তমান জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের যথেষ্ট ভূমিকা রয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজিজুর রহমান (উপ-সচিব), অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারি, অ্যাডভোকেট গোলাম ফারুক প্রমুখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা, নৃত্য, নাটিকা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।