গেহলট সরকার রাজনীতিবিদদের ফোন টেপ
করেছে
: অভিযোগ কেন্দ্রের শাসক দলের
এনডিটিভি
রাজস্থানের কংগ্রেস সরকারকে পালটা চাল দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির অভিযোগ, ঐ রাজ্যের রাজনীতিবিদদের ফোন অবৈধভাবে ট্যাপ করেছে গেহলট সরকার। শনিবার এই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের দাবি করেছে দলটি।
রীতিমতো ‘অসাংবিধানিক’ পদক্ষেপ করে সরকার বাঁচানোর চেষ্টা করছে কংগ্রেস, এমন কথাও বলছেন পদ্ম শিবিরের নেতারা। এর আগে রাজস্থান কংগ্রেসের তরফ থেকে একটি অডিও ক্লিপ প্রকাশ করে দাবি করা হয় যে, গেহলট সরকারকে সরাতে দল ভাঙানোর ষড়যন্ত্র করছে বিজেপি। যদিও সেই অভিযোগ পুরোপুরি নস্যাত্ করে বিজেপি জানায়, নিজের বাড়িতে বসেই ষড়যন্ত্র করছেন খোদ মুখ্যমন্ত্রী অশোক গেহলট। গতকাল বিজেপির তরফ থেকে এক সংবাদ সম্মেলনে বলা হয়, ‘কংগ্রেস হাই কমান্ড এবং অশোক গেহলটকে আমরা জিজ্ঞাসা করতে চাই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে কি ফোন ট্যাপ করা হয়েছিল? তাহলে ধরে নেওয়া যায় যে আপনি ট্যাপ করেছেন? কিন্তু সেই ফোন ট্যাপিং কি এসওপি অনুসরণ করে করা হয়েছিল?’
বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘আমরা রাজস্থানে কংগ্রেসের রাজনৈতিক চালাকি ধরে ফেলেছি। ষড়যন্ত্র করতে কীভাবে মিথ্যা অভিযোগ বা জালিয়াতি করা যায় এবং কীভাবে আইনকে নিজের মতো করে প্রয়োগ করা যায় তার দৃষ্টান্ত তুলে ধরেছেন তারা।’ তিনি আরো বলেন, রাজস্থান কি পরোক্ষভাবে জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছে না? তাই বিজেপি গোটা ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি করছে।