ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। আগামী ২৫ জুলাই থেকে তিন বছরের জন্য তার এই নিয়োগ কার্যকর হবে বলে শনিবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গত সাত মাস ধরে নৌসদরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করে আসা শাহীন ইকবাল নৌবাহিনী প্রধান পদে অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী ২৫ জুলাই চাকরির মেয়াদ পূর্ণ করে অবসর প্রস্তুতি ছুটিতে (এলপিআর) যাচ্ছেন বলে আলাদা এক আদেশে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৮০ সালে অফিসার ক্যাডেট হিসেবে নৌবাহিনীতে যোগ দেওয়া শাহীন ইকবাল ১৯৮২ সালের ১ ডিসেম্বর এক্সিকিউটিভ শাখায় কমিশন পান। নৌবাহিনীতে দীর্ঘ চার দশকের কর্মজীবনে শাহীন ইকবাল ফ্রিগেটসহ সব শ্রেণির যুদ্ধজাহাজ এবং গুরুত্বপূর্ণ ঘাঁটির অধিনায়কত্ব করেছেন। যুক্তরাষ্ট্রের নেভাল স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েশন করা শাহীন ইকবাল ইরাকে জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্ব পালন করেন। দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে অংশ নেন। তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, তুরস্ক, ভারতসহ বিভিন্ন দেশে নৌবাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। তার স্ত্রী মনিরা রওশন ইকবাল শিক্ষকতায় যুক্ত। তাদের একমাত্র সন্তান মুনতাসির মামুন ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক।