করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ঐশ্বরিয়া

অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের পর করোনা ভাইরাসে আক্রান্ত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ৪৬ বছর বয়সি এই অভিনেত্রীর দেহে কিছুদিন আগেই করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মুম্বাইয়ে বচ্চনদের বাড়ি জলসায় সেলফ আইসোলেশনে ছিলেন তিনি। ঐশ্বরিয়া রাই বচ্চনের শ্বশুর       অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেকও নানাবতী হাসপাতালেই রয়েছেন। গত সপ্তাহে তাদের কোভিড-১৯ পজিটিভ হয়। ঐশ্বরিয়া এবং অভিষেকের আট বছরের কন্যা আরাধ্যারও কোভিড-১৯ সংক্রমণ রয়েছে। অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন একমাত্র কোভিড-১৯ নেগেটিভ।

গত ১২ জুলাই ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্য বচ্চনের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। সে সময় অভিষেক বচ্চন টুইট করে জানান, যে তার স্ত্রী ও মেয়ের চিকিত্সা বাড়ি থেকেই হবে। তখন থেকে তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন। হুট করে শুক্রবার তাদের হাসপাতালে ভর্তি করা হয়।