ইত্তেফাক রিপোর্ট
বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব, জাতীয় সংসদের সাবেক হুইপ মো. আশরাফ হোসেন আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন ক্যান্সার ও হূদরোগে ভুগছিলেন তিনি। গতকাল বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে মরহুম আশরাফের নামাজে জানাজা হয়। পরে কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
ওয়ান-ইলেভেনের সময়ে বিএনপির তত্কালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে সংস্কার প্রস্তাব দেওয়ার প্রক্রিয়ায় তখনকার যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনও সম্পৃক্ত ছিলেন। বিএনপি নেতৃত্বের কড়া সমালোচনা করে পুরো ওয়ান-ইলেভেন সময় জুড়ে আলোচনায় থাকেন আশরাফ। পরে মান্নান ভূঁইয়ার সঙ্গে আশরাফকেও বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি। খুলনা শ্রমিক অঞ্চলের শ্রমিক নেতা আশরাফ খুলনা-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সভাপতি ছিলেন তিনি। ২০০১-২০০৬ সালে অষ্টম সংসদে আশরাফ হুইপ ছিলেন।