বিদেশ যেতে ২৩ জুলাই থেকে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক

ইত্তেফাক রিপোর্ট

সরকারি নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য কোভিড-১৯ পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। সে কারণে বিদেশ গমনেচ্ছু বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীদেরকে সরকার ঘোষিত কোভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারির ব্যবস্থা করতে হবে; নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকিট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে; কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সেই জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন; নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন; বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩ হাজার ৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪ হাজার ৫০০ টাকা ফি প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬টি সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করাতে হবে। এগুলো হলো: শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ, বরিশাল; বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম; কক্সবাজার মেডিক্যাল কলেজ-আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি, কুমিল্লা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ঢাকা; ইনস্টিটিউট অব পাবলিক হেলথ্, ঢাকা; ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন, ঢাকা; নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, বগুড়া; রাজশাহী মেডিক্যাল কলেজ, এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর; রংপুর মেডিক্যাল কলেজ এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন, বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com বিমান কল সেন্টার: ০১৭৭৭৭১৫৬১৩-১৬।