ইত্তেফাক রিপোর্ট
নিম্ন আদালতে দেওয়ানি মামলার জরুরি দরখাস্ত এবং সাকসেশন (উত্তরাধিকার-সংক্রান্ত) মামলার শুনানি ও নিষ্পত্তি করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে গতকাল শনিবার প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত দেন। ঐ সিদ্ধান্তে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক ও শারীরিক দূরত্ব কঠোরভাবে নিশ্চিত করে এসব মামলার শুনানি গ্রহণ করতে বলা হয়েছে। একই সঙ্গে সাকসেশন মামলার জন্য সংশ্লিষ্ট আদালতে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে শুনানি করতে বিচারকদের বলা হয়েছে।
এছাড়া মামলার শুনানি-নিষ্পত্তির পদ্ধতি ও সময়সূচি এমনভাবে নির্ধারণ ও সমন্বয় করবেন, যাতে আদালত প্রাঙ্গণে ও ভবনে ঝুঁকিপূর্ণ জনসমাগম না ঘটে। কমপক্ষে ছয় ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা ও এজলাস কক্ষে একসঙ্গে ছয় জনের বেশি লোকসমাগম না করতে বলা হয়েছে। শুনানিতে মামলার পক্ষদের উপস্থিতির আইনগত আবশ্যকতা না থাকলে এজলাস কক্ষে শুধু উভয়পক্ষে নিযু্ক্ত আইনজীবীদের উপস্থিত থাকতে বলেছে সুপ্রিম কোর্ট।