নির্বাচনের মাধ্যমে সর্বস্তরের কমিটি করবে বিএনপি

ইত্তেফাক রিপোর্ট

জাতীয়তাবাদী ছাত্রদল ও ড্যাবের মতোই সংগঠনের সকল স্তরে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নীতি নির্ধারকরা। গতকাল শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ভার্চুয়াল এ বৈঠকে কমিটির সদস্যরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে নির্বাচনের কমিশনের বিধি অনুযায়ী দলের প্রতিটি কমিটিতে ৩৩ ভাগ নারী রাখার উপরও জোর দিয়েছেন নেতারা। ধাপে ধাপে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। করোনা পরিস্থিতিসহ আরো বেশ কয়েকটি ইস্যুতে শীর্ষ নেতারা আলোচনা করেছেন। শাহজাহান সিরাজ ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু যুক্ত ছিলেন।