ইত্তেফাক ডেস্ক
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্ব নেতাদের উদ্দেশে বলেছেন, শীর্ষ থেকেই বৈষম্য শুরু হয়েছে। তিনি বলেন, বিশ্ব শক্তি বিভিন্ন প্রতিষ্ঠানে সমতা বজায় রাখার অঙ্গীকারকে গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগে মানুষের মধ্যে সমতা সৃষ্টি করার সুযোগ এসেছে। টেকসই বিশ্ব গড়তে হলে বৈষম্য দূর করে সমতা নিয়ে আসতে হবে। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং বোর্ডস অব দ্য ব্রেটন উডস সিস্টেমে ভোটাধিকারের বিষয়টি এই সময় তুলে ধরেন। গতকাল বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষ্যে এক ইন্টারনেট বক্তৃতায় মহাসচিব এসব কথা বলেন। নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন এই আলোচনার আয়োজন করে। ১৯১৮ সালের ১৮ জুলাই জন্ম নেওয়া ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার আপামর মানুষের কাছে ‘মাদিবা’ নামে পরিচিত। ২০০৯ সালের নভেম্বর জাতিসংঘ ১৮ জুলাই ম্যান্ডেলার জন্মদিনকে আনুষ্ঠানিকভাবে ‘ম্যান্ডেলা দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০১৩ সালের ৫ ডিসেম্বর তিনি মারা যান। -রয়টার্স