সাহেদকে নিয়ে রাতে অভিযান, অস্ত্র-মাদক উদ্ধার

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে নিয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। 

শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীরা উত্তরার সোনারগাঁও জনপথ মোড় এলাকায় ওই অভিযান চালানো হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি তপন কুমার সাহা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সেখানে সাহেদের ব্যবহৃত একটি গাড়ির সন্ধান পায় ডিবির সদস্যরা। তার ভেতরে পাওয়া যায় একটি পিস্তল, গুলি, ১০ বোতল ফেন্সিডিল ও পাঁচ বোতল বিদেশি মদ।

এরপরই অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয় সাহেদের বিরুদ্ধে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল গফফার মামলা দুটি দায়ের করেন।

করোনা ভাইরাসের ভুয়া পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়মের অভিযোগ উঠে আসে তার বিরুদ্ধে।

এরপর ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের ওই অভিযানের পর সাহেদের নানা অনিয়ম ও দুর্নীতির খবর বেরিয়ে আসতে শুরু করে।

১৫ জুলাই পালানোর সময় সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

ইত্তেফাক/জেডএইচ