করোনা মহামারিতে এবার গান নিয়ে সামনে আসছেন সংগীতশিল্পী অর্ণব। আয়োজন করা হয়েছে এ গায়কের একক কনসার্ট। এর নাম রাখা হয়েছে ‘সংস ফর হোপ’। আগামী ২৫ জুলাই অনলাইনে সরাসরি এটি দেখানো হবে।
কনসার্টটির আয়োজক কল্যাণী ও আইসোশ্যালের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনায় বিধ্বস্ত দেশ। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে তাদের এই আয়োজন। এখান থেকে প্রাপ্ত অর্থ দেওয়া অসহায় মানুষদের।
এতে মানবিক কিছু বিষয়ও আছে। করোনার ফলে সারাদেশে বিপুল মানুষের কর্মজীবন স্থবির হয়ে গেছে। অনেকেই বেকার। প্রাপ্ত অর্থ এমন কিছু পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজকরা।
অনলাইনে নিবন্ধন করার ঠিকানাটি হচ্ছে https://isocial.com.bd/donate। আয়োজনটি বাংলাদেশ সময় রাত ৯টা, ভারতের সময় রাত সাড়ে ৮টা, ইংল্যান্ড সময় বিকাল ৪টা ও ইউএসএ সময় সকাল ১১টায় দেখা যাবে।
এদিকে অর্ণব বলেন, ‘কনসার্ট শুধু উপভোগের জন্যই নয়, জনহিতকর কাজের জন্যও। এটি দেখতে অনলাইনে নিবন্ধন করতে হবে। আমরা চাই, মানুষ কনসার্টটি দেখুক ও আমাদের পাশে দাঁড়াক।’
ইত্তেফাক/বিএএফ