চাঁপাইনবাবগঞ্জে করোনায় ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী ও একজন পুরুষের মৃত্যু হয়েছে।  

করোনায় মৃত ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ নেসকোর ডিভিশন-১ এর সহকারী হিসাবরক্ষক আতাউর রহমান এবং জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চরমোহনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৬৫)।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাবেয়া বেগম গত ১৩ জুলাই করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। এর আগে গত ১২ জুলাই তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। গত ১৬ জুলাই তার পজিটিভ ফলাফল আসে। অধিকতর নিশ্চিতের জন্য সেই নমুনা ঢাকাতেও পাঠানো হয়েছিল। ঢাকার রিপোর্টেও পজিটিভ ফলাফল এসেছে।

অপরদিকে গত ৫ জুলাই আতাউর রহমানের নমুনা সংগ্রহ করা হয়। গত ৯ জুলাই পজিটিভ ফলাফল আসে। গত ১৬ জুলাই বৃহস্পতিবার রাতে তাকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে তার মৃত্যু হয়। আতাউর রহমান সপরিাবরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুরে বসবাস করতেন। তার মরদেহ তার গ্রামের বাড়ি নওগাঁর পোড়শায় পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসি