ভাঙ্গুড়ায় সাড়ে ৪শ হেক্টর আমন ক্ষেত পানির নিচে

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো ইতিমধ্যে ডুবে গেছে। আর গ্রামগুলো ভাসছে পানিতে। নিচু এলাকার অনেক ঘরবাড়ি প্লাবিত হয়ে কয়েকশ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বর্তমানে এখানকার অধিবাসীদের চলাচলের একমাত্র মাধ্যম হয়েছে নৌকা।

রবিবার সরেজমিনে ভাঙ্গুড়া ইউনিয়নের কলকতি শান্তিনগর এবং পৌরসভার উত্তর মেন্দা মহল্লার বেশ কিছু বাড়ি-ঘর বন্যায় প্লাবিত হতে দেখা গেছে।  এসব বাড়ির বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিয়েছে বলে জানা যায়। এছাড়া বন্যার কারণে  উপজেলার খানমরিচ, দিলপাশার ও অষ্টমণিষা ইউনিয়নের কয়েক হাজার অধিবাসী দুর্ভোগের শিকার হয়েছেন।

এদিকে বন্যায় কোনো কোনো এলাকার আমন ক্ষেত সম্পুর্ণ তলিয়ে গেছে। উপজেলা কৃষি অফিসার এনামুল হক জানান, ইতিমধ্যে ৪৫০ হেক্টর জমির আমন ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন, বন্যার বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

ইত্তেফাক/এসি