গৌরীপুরে মৃত্যু বার্ষিকীতে হুমায়ূন আহমেদের নামে ট্রেনের দাবি

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ভক্তরা। হুমায়ুন ভক্তদের স্থানীয় সংগঠন 'কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মৃতিপরিষদ' এর উদ্যোগে রবিবার শোকর‌্যালি, গৌরীপুর রেলওয়ে জংশনে হুমায়ূন আহমেদের স্মৃতি রক্ষা ও হূমায়ূন আহমেদের নামে একটি ট্রেনের নামকরণের দাবিতে মানববন্ধন, হুমায়ুন আহমেদের স্মরণে ইসলামাবাদ সিনিয়র মাদরাসায় বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ শেষে হুমায়ুন আহমেদের স্মরণে ভক্তরা এক মিনিট নিরবতা পালন করেন।

সংগঠনের সভাপতি মোতালিব বিন আয়েত বলেন, ‘গৌরীপুর জংশন’ হুমায়ুন আহমেদের একটি কালজয়ী উপন্যাস। ২০১২ সালে লেখকের মৃত্যুর পর থেকে গৌরীপুর রেলওয়ে জংশনে হুমায়ূন আহমেদের স্মৃতি রক্ষা ও উনার নামকরণে একটি  ট্রেনের দাবি জানিয়ে আমরা রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। কিন্ত এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে  কোনো পদক্ষেপ নেয়নি। আশা রাখি কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্যোগী হবেন।

রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি মহসীন মাহমুদ শাহ বলেন, রেলযোগাযোগ ব্যবস্থায় ঈশা খাঁ  এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেসসহ বিভিন্ন নামে ট্রেন চালু রয়েছে। তাই হুমায়ূন আহমেদ কিংবা তার উপন্যাসের চরিত্রের নামে ট্রেনের নামকরণের দাবিটি অযৌক্তিক নয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, এসিক এসোসিয়েশনের সভাপতি রায়হান উদ্দিন সরকার, রিপোটার্স ক্লাবের সাধারণ সসম্পাদক জহিরুল হুদা লিটন, ব্যবসায়ী পিয়াস পাল, আব্দুল গনি, জয়কুল, আব্দুল হাই, সুমন মিয়া প্রমুখ।

ইত্তেফাক/এসি