স্পোর্টস ডেস্ক
লিগের নিষ্পত্তি হয়ে গেছে আগের ম্যাচেই। দুই মৌসুম পর লা লিগা পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ। তবে কোচ জিদান এতেই সন্তুষ্ট থাকতে চান না, জানালেন এবার চ্যাম্পিয়ন্স লিগে মনোযোগ দিতে হবে দলকে। অন্যদিকে ব্যর্থ মৌসুম এড়াতে বার্সেলোনা কোচ সেতিয়েনও পাখির চোখ করছেন চ্যাম্পিয়ন্স লিগকেই।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে নিজেদের মাঠে হেরেছিল রিয়াল। আগামী ৭ আগস্টের ফিরতি লেগে তাই তেমন কিছুই করে দেখাতে হবে জিদানের দলকে। একে কঠিন মানলেও সম্ভব হিসেবেই মানছেন ফরাসি কোচ।
তিনি বলেন, ‘এই জার্সি পরলে যে কেউ প্রতিটি ম্যাচ জিততে চাইবে, এটাই আমাদের ক্লাবের বৈশিষ্ট্য। ম্যাচটা কঠিন, সন্দেহ নেই এতে। প্রথম লেগটাও ছিল। কিন্তু আমরা হারার আগে হারব না, শেষ পর্যন্ত লড়ে যাব।’
এদিকে লিগ আর কোপা দেল রে থেকে ছিটকে যাওয়ায় বার্সেলোনার ওপর ব্যর্থ মৌসুম কাটানোর শঙ্কাই ভর করেছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মুহূর্তে দলের পারফরম্যান্সও আশা দেখাচ্ছে না তেমন। তাই অধিনায়ক লিওনেল মেসি তো বলেই দিয়েছিলেন যে, পারফরম্যান্সে উন্নতি না করলে দল হারবে ন্যাপোলির বিপক্ষেও।
অধিনায়কের সঙ্গে কোচ সেতিয়েন একমত হলেও জানালেন আশার আলোও দেখছেন তিনি! বললেন, ‘মেসি ঠিক বলেছে, যেভাবে খেলছি তাতে কিছুই জিততে পারব না, তবে আমাদের কিছু দারুণ মুহূর্তও আছে।’
কোচ সেতিয়েনের মতে, উন্নতির রাস্তাটাও দলের জানা আছে ভালোভাবেই। ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা ম্যাচের উদারহরণ টেনে তিনি বলেন, ‘আমরা সবাই জানি কীভাবে উন্নতি করতে হবে। আরো নির্ভরযোগ্য হয়ে উঠতে হবে আমাদের। ভিয়ারিয়ালের বিপক্ষে যেমন খেলেছিলাম, তেমন খেলতে পারলে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব, আমি এ ব্যাপারে নিশ্চিত।’
তিনি আরো যোগ করেন, ‘দল প্রয়োজনমতো ভালো খেলছে না। আসন্ন বিরতিতে সবার চিন্তাভাবনাগুলোকে পরিষ্কার করতে হবে। এরপর পারফরম্যান্সে উন্নতি করে ফিরতে হবে ভালো দল হয়ে।’ আগামী ৮ আগস্ট শেষ ষোলোর ফিরতি লেগে ন্যাপোলিকে আতিথ্য দেবে কোচ সেতিয়েনের শিষ্যরা।