ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতনি প্রিন্সেস বিট্রিস অতি গোপনীয় এক অনুষ্ঠানে উইন্সর ক্যাসলে বিয়ে করেন গত শুক্রবার। তার স্বামী ইতালির ধনকুবের এদোয়ার্দো ম্যাপেলি মোজ্জি। করোনা পরিস্থিতির কারণে বিয়ের বিষয়টি সাংবাদিকদের কাছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকাগুলোর সাংবাদিকদের কাছ থেকে বিয়ের খবর গোপন করতে পারেনি রাজপরিবার। ফলে তারা মিডিয়াতে প্রকাশ করে দেয় এই খবর। ফলে কিছুটা বিব্রত হয়ে বাধ্য হয়ে রাজপরিবার শনিবার সেই বিয়ের ছবি প্রকাশ করেছে। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে (বাঁ থেকে) রানির স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ, রানি এলিজাবেথ, প্রিন্সেস বিট্রিস ও তার স্বামী ম্যাপেলি।
গত ২৯ মার্চ বাগ্দান হলেও করোনার কারণে বিয়ের পরিকল্পনা স্থগিত করা হয়েছিল। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে সাধারণ নাগরিকদের জন্য বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে স্বয়ং প্রিন্সেসের বিয়ের খবর সাধারণ নাগরিকদের কাছে ভুল বার্তা দিতে পারে। এ কারণেই অতি গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়েছিল। এ কারণে বিয়ের ছবি সেদিন প্রকাশ করা হয়নি। ৩১ বছর বয়সি প্রিন্সেস বিট্রিস এবং তার স্বামী দীর্ঘকালীন পারিবারিক বন্ধু ছিলেন। ২০১৮ সালের অক্টোবর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।