রূপপুরে পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পে চলমান নির্মাণকাজের সঙ্গে তাল মিলিয়ে রাশিয়ায় পূর্ণ উদ্যমে চলছে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুতের কাজ। রবিবার প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর যন্ত্রপাতি প্রস্তুতের কাজের অগ্রগতির বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, টেকনিক্যাল কন্ট্রোল প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি রাশিয়ার ভলগাদন্সকে ‘এইএম টেকনোলজি’ এটোমাস কারখানায় রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য প্রস্তুতকৃত রিয়্যাক্টও প্রেসার ভেসেল এবং একটি বাষ্প জেনারেটরের হাইড্রোলিক টেস্ট সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এ দুটি অংশের বেজমেটালের ও ওয়েল্ড জয়েন্টগুলোর দৃঢ়তা এবং নিচ্ছিদ্রতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তিনি আরো জানান, রিয়্যাক্টও প্রেসার ভেসেলটি পুরোপুরি সিল করে একটি ভূগর্ভস্থ কেইসন-এ পরীক্ষা করা হয়েছে। অনুরূপভাবে প্রথম ইউনিটের জন্য প্রস্তুতকৃত একটি বাষ্প জেনারেটরেরও হাইড্রোলিক টেস্ট সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে ‘এইএম টেকনোলজি’ প্রেত্রাজাভোদস্ক কারখানায় প্রথম ইউনিটের জন্য চারটি কুল্যান্ট পাম্পের সংযোজন ও ওয়েল্ডিং সম্পন্ন হয়েছে।