চিকিত্সা বর্জ্য ব্যবস্থাপনা

বিধিমালা বাস্তবায়নে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

চিকিত্সা বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ১০ আগস্টের মধ্যে চিকিত্সা বর্জ্য ব্যবস্থাপনায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবকে তা প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল  এই আদেশ দেন। পরিবেশবিশেষজ্ঞ ড. আনিকা আলী এবং মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব এ রিট দাখিল করেন। শুনানিতে তিনি বলেন, প্রতিদিন সারা দেশে কেবল ঢাকা শহরের বাইরে ২০ টনেরও বেশি চিকিত্সা বর্জ্য তৈরি হয়। ঢাকাসহ সারাদেশে চিকিত্সা বর্জ্য উত্পাদনকারী হাজার হাজার প্রতিষ্ঠান রয়েছে। বিপুল পরিমাণ চিকিত্সা বর্জ্য তৈরি হলেও পরিবেশ আইন এবং চিকিত্সা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ বিধিমালা অনুযায়ী সন্তোষজনক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে পরিবেশ দূষিত হচ্ছে, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে।