বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা
হিজলার মিয়ারচর থেকে বরিশাল-ঢাকা রুটে যাতায়াতকারী নৌযানসমূহকে বাড়তি সতর্কতা হিসেবে চলাচল না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীবাহী নৌযানসমূহকে মিয়ারচরের স্থলে মেহেন্দিগঞ্জের উলানিয়া-কালীগঞ্জ হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, মিয়ারচরের অবস্থা কিছুটা ভয়াবহ। সেখানে যেমন পানির স্রোত রয়েছে, তেমনি উত্তালও থাকে অধিকাংশ সময়। আবার এম ভি ফারহানা মোনেম নামে সিমেন্টবাহী জাহাজটি ডুবেছে মিয়ারচরে। যদিও জাহাজটি চ্যানেলের একপাশে রয়েছে, সেক্ষেত্রে জাহাজ চলাচলের জায়গাও রয়েছে। তবে স্রোতের কারণে যাত্রী, পণ্যবাহীসহ যে কোনো ধরনের জাহাজ সেখান দিয়ে চালনা করাটা কষ্টসাধ্য। তাই নৌযান বিশেষ করে ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চগুলোকে রাতের বেলা মিয়ারচর থেকে না গিয়ে মেহেন্দিগঞ্জের উলানিয়া-কালীগঞ্জ হয়ে যেতে বলা হয়েছে।