হত্যার হুমকির অভিযোগে বিএমএ নেতা ডা. ফয়সালের জিডি

চট্টগ্রাম অফিস

হত্যার হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করেছেন বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। সাত-আটটি মোটরসাইকেলে করে ২০-২২ জন যুবক মেহেদীবাগে তার বাসার নিচে এসে হত্যার হুমকি দিয়েছে বলে জিডিতে উল্লেখ করেছেন তিনি। গত শনিবার রাতে তিনি চকবাজার থানায় ডায়েরি করেছেন।

জানতে চাইলে ডা. ফয়সাল ইকবাল ইত্তেফাককে বলেন, তারা আমার বাসার নিচে এসে দারোয়ানের কাছে আমার গাড়ি কোনটি জানতে চায়। দারোয়ান জানান, তিনি গাড়ি নিয়ে বের হয়ে গেছেন। এ সময় তারা আমাকে গালাগাল করে এবং চট্টগ্রাম মেডিক্যালে গিয়ে আমাকে হত্যা করবে বলে চিত্কার করতে থাকে। এসব যুবক চট্টগ্রাম মেডিক্যালের পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন।