ওসমান শেখ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য এবং দৈনিক জবাবদিহি পত্রিকার অপরাধ বিভাগের প্রধান প্রতিবেদক এস এম মিন্টু হোসেনের বাবা ওসমান শেখ (৯৫) বার্ধক্যজনিত কারণে শনিবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার আরিচপুরের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। শনিবার রাতেই আরিচপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে মুন্সীগঞ্জের লৌহজং থানার মালনী গ্রামে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এস এম মিন্টু হোসেনের বাবার মৃত্যুতে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু গভীর শোক প্রকাশ করেছেন।
মো. রেজাউল করিম (বাদশা)
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আলহাজ্ব আব্দুর রহমান ডিগ্রি কলেজের সভাপতি, ফজিলা রহমান মহিলা কলেজের সাবেক সভাপতি, সমাজসেবক আলহাজ মো. রেজাউল করিম (বাদশা) (৬৮) শনিবার রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। রবিবার জানাজা শেষে তাকে বালিহারী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেন।
লতিফা আহমেদ
সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক সিরাজদিখান প্রতিনিধি সরকার মো. সামসুজ্জামান পনিরের মায়ের পরলোকগমন (ইন্না লিল্লাহি.. .রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তার মা লতিফা আহমেদ (৮৫) শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বিকালে গুয়াখোলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি উপজেলার বাসাইল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান রফিউদ্দিন আহমেদ সোনামিয়া সরকারের স্ত্রী। তিনি ৩ পুত্র ও ৫ কন্যা সন্তানের জননী।