ঘিওরে বাসচাপায় পিতা নিহত, পুত্র আহত

ঘিওর বরংগাইল-নাগরপুর আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী পিতা নিহত ও পুত্র আহত হয়েছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাইলজুরি পঞ্চরাস্তা ঘিওর প্রেসক্লাব নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আমিনুর রহমান (৫০)। তিনি দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের উত্তর আরা গ্রামের বাসিন্দা। আহত ইয়াছিন খান নয়ন (২৫) তার ছেলে।

ঘিওর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম ও নিহতের ছেলে নয়ন জানান, আমিনুর তার গ্রামের বাড়িতে অসুস্থ পিতাকে দেখে মোটরসাইকেলযোগে ছেলেকে নিয়ে দৌলতপুর থেকে ঢাকায় ফিরছিলেন। জানা যায়, শুকানোর জন্য ধানের খড় সড়কে ছড়িয়ে রাখায় ব্রেক চাপলে চাকা পিছলে মোটরসাইকেলসহ পিতা ও পুত্র বুভয়ই সড়কে ছিটকে পড়েন। এ সময় চলন্ত একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন আমিনুর রহমান। স্থানীয়দের সহযোগিতায় আহত নয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।