কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়া উপজেলায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা সাড়ে ১১টার দিকে রোয়াইলবাড়ি ইউনিয়নের হুমায়ূন আহমেদের নিজগ্রাম কুতুবপুরে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারন, কোরআনখানি, দোয়া, শোক র্যালিসহ তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। এসব কর্মসূচিতে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক শরীফ আনিস আহমেদ, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান শিক্ষক জানান, প্রতি বছর আমরা দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে হুমায়ূন স্যারের মৃত্যুবার্ষিকী পালন করি। কিন্তু এ বছর করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে পালন করেছি।