কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা
কালিহাতীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন শিক্ষা কার্যক্রম। দেশব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১৭ মার্চ থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাদান কার্যক্রম বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীদের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ঐ নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। লুত্ফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী এবং এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মরিয়ম আক্তার মীম বলেন, অনলাইন ক্লাস বেশ কাজে আসছে। কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, কারিগরি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা অনলাইন ক্লাস পরিচালনা করছি। পটল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আনন্দ চন্দ্র শীল বলেন, সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। এতে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। তাই অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।