বগুড়ায় শুরু হয়েছে অনলাইনভিত্তিক কোরবানির পশুর হাট!

স্টাফ রিপোর্টার, বগুড়া

মহামারি করোনার কারণে বগুড়ায় জেলা প্রশাসন অনলাইনভিত্তিক ডিজিটাল কোরবানির পশুর হাট শুরু করেছে। বুধবার থেকে এই হাট চালু করার পর ইতিমধ্যে জেলার শতাধিক খামারি পশু বিক্রির জন্য অনলাইনে পশুর ছবি, দাম এবং ওজন ইত্যাদি তথ্য তুলে ধরেছেন। আর অনলাইনে পশুর হাট চালুর পর  জেলায় গরু বেচা-কেনাও হচ্ছে। জেলা প্রশাসনের তৈরি করা ‘পশুর হাট’ নামে অ্যাপে প্রবেশ করে ক্রেতা-বিক্রেতারা পশুর হাটের সুবিধা নিতে পারবেন দেশের সব এলাকার পশুর খামারি ও কৃষক। বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক এসব তথ্য জানান। এদিকে জেলায় এবার ৩ লাখ ৭৩ হাজার কোরবানির পশু তৈরি করা হয়ে আছে। জেলার ১২টি উপজেলায় প্রতি বছর স্থায়ী ৩৭টি ও অস্থায়ী ৪৮টি মিলে মোট পশুর হাট বসে ৮৫টি। পশুর হাটে এবার স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয়-বিক্রয়ের জন্য বেশ কিছু নিয়ম-কানুনের ব্যবস্থা করা হয়েছে।