সুনামগঞ্জে পৃথক নৌকাডুবিতে একজনের মৃত্যু ও নিখোঁজ দুই

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায় পৃথক নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু ও নিখোঁজ রয়েছেন বাবা-মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাঠলাই নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুবকের নাম তৌফিক মিয়া (৩০)। এদিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর এলাকা থেকে শনিবার রাতে পাশের জামালগঞ্জ উপজেলার আমানীপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে ছয় জন একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে আমানীপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। উপজেলার শয়তানখালী হাওরে পৌঁছালে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা লোকজনের চিত্কারে আশপাশের লোকজন নৌকা নিয়ে ছুটে এসে অন্যদের উদ্ধার করলেও বাবা ও মেয়ে নিখোঁজ রয়েছে।