করোনার কারণেই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নমুখী। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। অর্থনীতি দুর্বল হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল রবিবার ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক অনলাইন সেমিনারে (ওয়েবনার) এ ইস্যুটি উঠে এসেছে। ‘আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর হাটসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক ঐ ওয়েবনারে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সব সময়ই চ্যালেঞ্জিং। আসন্ন ঈদকে সামনে রেখে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আরো সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি বলেন, সীমিত পরিসরে স্থাপিত কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরো জোরদার করা হবে।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, কোভিড মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি প্রায় ২ দশমিক ২ শতাংশ কমে যেতে পারে। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার অবনতি হতে পারে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হতে পারে।
বক্তারা কোরবানির পশুর হাটে আইনশৃঙ্খলা রক্ষায় নজর দেওয়ার আহ্বান জানান। ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, কোরবানির হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব মানার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বক্তব্য দেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, ই-ক্যাবের সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক শমী কায়সার, ডিসিসিআইর সহসভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন, পরিচালক ইঞ্জিনিয়ার মো. আল আমিন, ওয়াকার আহমদ চৌধুরী, সহসভাপতি এম আবু হোরায়রাহ প্রমুখ।