মির্জাপুরে বন্যা পরিস্থিতির অবনতি 

মির্জাপুরে বন্যায় পানিতে তলিয়ে গেছে ঐতিহ্যবাহী দেওহাটা গরুর হাট। বিভিন্ন এলাকায় পানিবন্দী প্রায় ৫০ হাজার মানুষের চরম দুর্ভোগের শিকার। আজ সোমবার উপজেলার বেশ কয়েকটি এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, নতুন নতুন এলাকায় বন্যা কবলিত হওয়ায় অসহায় পরিবারগুলো দুর্বিসহ জীবন যাপন করছেন।

ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রউফ ও মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া জানান, বংশাই ও লৌহজং নদীর পানির চাপ বেড়ে গিয়ে পৌরসভার পুষ্টকামুরী, ত্রিমোহন, গাড়াইল, কুমারজানি, পৌরসভার বাহিরে ফতেপুর, লতিফপুর, মহেড়া, জামুর্কি, বহুরিয়া, ভাওড়া, ভাদগ্রাম, ওয়ার্শি, বানাইল এবং আনাইতারা ইউনিয়নের নিম্নাঞ্চলের অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, রাস্তা-ঘাট ও ফসলি জমি ডুবে গেছে। বন্যার পানিতে ইচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কধিমধল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগধল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উফুলকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ, ভিডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত।

এছাড়া বরাটি হাট, দেওহাটা গরুর হাট, মাঝালিয়া, ফতেপুরসহ বেশ কয়েকটি হাটে পানি উঠায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পানি বৃদ্ধির ফলে বংশাই নদীর ফতেপুর, হিলড়া আদাবাড়ি, থলপাড়া, বৈন্যাতলী, চাকলেশ্বর, গোড়াইল, গাড়াইল, পুষ্টকামুরী পুর্বপাড়া, বাওয়ার কুমারজানি, ত্রিমোহন, বান্দরমারা, যুগিরকোপা, রশিদ দেওহাটাসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন। নদী ভাঙ্গনে কয়েক শতাধিক পরিবার দিশেহারা হয়ে পরেছেন। একই অবস্থা লৌহজং নদীর মাঝালিয়া, গুনটিয়া, চুকুরিয়া, বরাটি, দেওহাটা, কোর্ট বহুরিয়া, বহুরিয়া, কামারপাড়া, নাগরপাড়াসহ বেশ কয়েকটি এলাকা। নিম্নাঞ্চলের অধিকাংশ এলাকায় আঞ্চলিক রাস্তা ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে নদীতে পানির চাপ বেড়ে যাওয়ায় এবং ভাঙ্গনের ফলে বংশাই নদীর থলপাড়া ব্রিজ, ত্রিমোহন বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ব্রিজ, লতিফপুর ব্রিজ, লৌহজং নদীর গুনটিয়া ব্রিজ, বরাটি বাবু দুঃখীরাম রাজবংশী ব্রিজ, পুষ্টকামুরী ব্রিজ, পাহাড়পুর ব্রিজ এবং ওয়ার্শি ব্রিজ হুমকির মুখে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক মোস্তাকিম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তাদের সহায়তা দেয়া হবে।


ইত্তেফাক/আরকেজি