কালাম

এই সময়ের ছড়া

স.ম. শামসুল আলম

 

মানুষের জান নিয়ে ছিনিমিনি খেলাতে

কালামের নামে কেস হলো শেষবেলাতে

আহা কী যে আহাজারি

তবু হায় ঝকমারি!

শেষে ধরা পড়ল যে, সে-ও নাকি

                                ভুল কালাম।

এই নিয়ে চারদিকে হইচই পড়াতে

বিষয়টা অবশেষে ভুল দিকে গড়াতে

যাচ্ছিল, চেয়ে দেখি

সংবাদ, লেখালেখি

প্রতিবাদ, সমাবেশ, শোরগোল

                                তুলকালাম।

 

বুড়ো থেকে শিশু এই ইস্যু নিয়ে মেতেছে

কেন এত কালামেরা এত ফাঁদ পেতেছে

সব্বার এক কথা—ধরা হোক

                                মূল কালাম।

কিছুই বুঝি না আমি, বোকার হদ্দ এক

পশ্চাতে বাঁ-হাতের পাঁচটি আঙুল দিয়ে

ঘষে ঘষে আনমনে বারবার

                                চুলকালাম।