দরজা-জানালা চুরির সময় আটক ১০

নদীতে বিলীনের পথে নবনির্মিত স্কুল

চাঁদপুর প্রতিনিধি

পদ্মার ভাঙনের মুখে থাকা রাজরাজেশ্বরের সেই সাইক্লোন সেন্টার কাম ওমর আলী হাইস্কুলের দরজা-জানালা খুলে চুরি করে নিয়ে  যাবার সময় ১০ জনকে হাতেনাতে আটক করেছে গ্রামবাসী। ১৮ জুলাই সন্ধ্যায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাজরাজেশ্বর ইউনিয়নে অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রব অভিযুক্তদের আটক করে চাঁদপুর মডেল থানায় পাঠায়। আটককৃতরা হলো:মো. শাহীন, আব্দুর রহিম, মানিক, ইদ্রিস খলিল, মো. জামাল গণি, ফরিদ জোয়ান, তারেক দেওয়ান, শামসুদ্দিন, মামুন, শরীফ। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে পদ্মা-মেঘনার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এখন পর্যন্ত চারটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া প্রায় ৪০০ বসতবাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে আরো প্রায় ৫০০ বাড়িঘর ভাঙনের হুমকির মুখে রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে মাত্র এক মাস আগে নির্মিত রাজরাজেশ্বর ওমর আলী হাইস্কুল কাম সাইক্লোন সেন্টারটি বর্তমানে পানিতে ভাসমান অবস্থায় প্রবল স্রোতের মুখে দাঁড়িয়ে আছে। তা যে কোনো মুহূর্তে পদ্মাগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

ওমর আলী স্কুলের প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ জানান, এই ভবনটি নির্মাণ করার সময় প্রায় তিন কিলোমিটার দূরে ছিল নদীর অবস্থান। কিন্তু এবার নিয়ে ওমর আলী হাইস্কুলটি ১১ বার ভাঙনের মুখে পড়েছে। এখন প্রায় ৫০০ শিক্ষার্থীর শিক্ষাকার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে।