লোকবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘা ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল সংকটে চিকিত্সাসেবা ব্যাহত হচ্ছে। এখানে চিকিত্সার জন্য অপারেশন থেকে শুরু করে সব ধরনের যন্ত্রপাতি আছে। তবে নেই পাঁচ জন কনসালটেন্টসহ প্রয়োজনীয় লোকবল। সে সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষার বেশির ভাগই বাইরে থেকে করতে বাধ্য হন রোগীরা। শুরুতে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা হিসেবে গড়ে উঠলেও পরে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এরপর এখানে অপারেশন থেকে শুরু করে সব ধরনের পরীক্ষার জন্য আনা হয় প্রয়োজনীয় মেশিন। কিন্তু দেওয়া হয় না লোকবল নিয়োগ। ফলে চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আক্তারুজ্জামান জানান, এখানে কাগজ-কলমে ১৯ জন ডাক্তার থাকার কথা। কিন্তু আছে ১১ জন। এদের মধ্যে অনেককেই ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে রোগী দেখতে হয়। পাঁচ জন কনসালটেন্ট—শিশু, গাইনি, সার্জারি, মেডিসিন, অ্যানিস্থিশিয়াসহ ডেন্টাল মেডিক্যাল অফিসার, আরএমওসহ আরো একটি পদে ডাক্তারশূন্য রয়েছে। এ কারণে ইচ্ছে থাকা সত্ত্ব্বেও রোগীদের ঠিকমতো সেবা দিতে পারছি না। এসব পদে লোকবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।