ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে নারীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর লাঠির আঘাতে নিকি ত্রিপুরা (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে জেলা সদরের খাগড়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তিন জনকে আটক করেছে। পুলিশ জানায়, ঐদিন রাতে জেলা সদরের খাগড়াপুর গ্রামে ফুলেন্দ্র ত্রিপুরা (৪৫) ও তার স্ত্রী জীবন মালা ত্রিপুরার মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর হামলায় নিকি বালাসহ তিন জন আহত হয়। তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে নিকি বালা ত্রিপুরা মারা যায়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে।