স্পোর্টস রিপোর্টার
গতকাল দ্বিতীয় দিনের মতো একক অনুশীলনে এসেছিলেন ক্রিকেটাররা। দেশের চারটি ভেন্যুতে অন্তত ৯ জন ক্রিকেটার সূচি অনুযায়ী অনুশীলন করছেন। গতকালই প্রথম এই অনুশীলনে এলেন ইমরুল কায়েস। চার মাস পর ব্যাট নিয়ে অনুশীলন করলেন। তিনি বললেন, এই সুযোগটা কাজে লাগিয়ে স্কিলের উন্নতি করতে চান।
মিরপুরে ক্রিকেটাররা জিম করা ও দৌড়ানোর পাশাপাশি ইনডোরে ব্যাটিং করার সুযোগও পাচ্ছেন। ঢাকার বাইরের ক্রিকেটাররা অবশ্য ইনডোর ব্যবহারের সুযোগ এখনও পাচ্ছেন না। ঢাকায় ইনডোরে ব্যাটিং করার পর ইমরুল কায়েস বলছিলেন, ‘চার মাস পর ব্যাট ধরলাম, খুব ভালো লাগছে। এই চার মাস ঘরে হয়তো কিছু ওয়ার্ক আউট করেছি। কিন্তু ঘরে তো ব্যাটিং করা যায় না। ফলে এটাই বেশি মিস করছিলাম। অবশেষে সেই সুযোগটা পেলাম।’ ইমরুল চান এই সুযোগটা কাজে লাগিয়ে স্কিলের দিক থেকে কিছু উন্নতি করে নিতে। তিনি বলছিলেন, ‘এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ। একটা ফাকা সময় এসেছে। এই সময়ে নিজেদের স্কিলটা বাড়িয়ে নিতে পারলে এক ধাপ এগিয়ে যাওয়া যাবে।’
চোটের জন্য প্রায় ১১ মাস মাঠের বাইরে ছিলেন খালেদ। প্রিমিয়ার লিগ দিয়ে খেলায় ফেরার পর অনাকাঙ্ক্ষিত বিরতিতে যেতে হয়েছে। দেশের হয়ে দুটি টেস্ট খেলা এই পেসারের ভাবনা দ্রুত ছন্দ ফিরে পাওয়ার দিকে, ‘প্রথম দিন মাঠে গিয়ে খুব ভালো লাগছে। আমাদের স্টেডিয়াম এমনিতেই সুন্দর, এখন নতুন ঘাস উঠেছে, চারপাশ সবুজের মেলা। সব মিলিয়ে ভালো কেটেছে। বোলিং করার অনুমতি এখনো দেয়নি। আগে ফিটনেস, এরপর বোলিং। বোলিংয়ের যখন অনুমতি মিলবে তখন কীভাবে করব, এটা নিয়ে ভাবছি। কারণ, অনেক সময় এর মধ্যে চলে গেছে। ছন্দের একটা ব্যাপার তো থাকেই।’
এত দিন নিজের মতো করে অনুশীলন করেছেন সোহান। আনুষ্ঠানিকভাবে একক পর্যায়ে অনুশীলন শুরু হওয়ার পর এই কিপার-ব্যাটসম্যান অধীর আগ্রহে মাঠে ক্রিকেট ফেরার অপেক্ষায় আছেন, ‘আগে মনে হতো, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে। আজ অনুশীলন শুরুর পর মনে হচ্ছে, শুরু যখন হয়েছে আস্তে আস্তে সব ঠিক হবে। অনেক দিন পর মাঠে এসে অন্যরকম এক ভালোলাগা কাজ করছে। এখন মনে হচ্ছে, এক সময়ে মাঠে ক্রিকেট ফিরবে, এটা স্বস্তির জায়গা।’