ইউনাইটেডের হরিষে বিষাদ

স্পোর্টস ডেস্ক

এফএ কাপের সেমিফাইনালে নামার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের চোখ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম-লেস্টার সিটির ম্যাচে ছিলা কিনা তা বলা মুশকিল। সে ম্যাচের ফলাফল অনুকূলে আসায় ইউনাইটেডের সামনে সুযোগ ছিল চেলসিকে হারিয়ে দিনটাকে আরো মধুর করার। কিন্তু চেলসির কাছে ৩-১ ব্যবধানে হেরে তা আর করতে পারেনি কোচ ওলে গুনার সোলসারের শিষ্যরা। উলটো মৌসুমের একমাত্র শিরোপার আশাও শেষ তাদের।

প্রিমিয়ার লিগে জেমস জাস্টিনের আত্মঘাতী গোল আর হ্যারি কেইনের জোড়াগোলে টটেনহ্যামের কাছে ৩-০ ব্যবধানে হারে লেস্টার। ফলে প্রিমিয়ার লিগের পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে শেষ দুই ম্যাচে জিতে শীর্ষ চার নিশ্চিত করার দারুণ সুযোগ সৃষ্টি হয়।

এরপর এফএ কাপের সেমিফাইনালে চেলসিকে হারাতে পারলে দিনটাকে আরো মধুর করে তুলতো ইউনাইটেড। চেলসির বিপক্ষে শেষ তিন ম্যাচে অপরাজিত থাকা আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৯ ম্যাচের অপরাজিত যাত্রাও আশা দেখাচ্ছিল তেমন কিছুরই!

কিন্তু ম্যাচের শুরু থেকেই যেন শেষ কিছুদিনের ধারটা ছিলো না সোলসারের শিষ্যদের। বিরতির এদিক ওদিকে অলিভিয়ের জিরু আর ম্যাসন মাউন্টের গোলে পিছিয়েপড়া দলের আশা শেষ হয় ৭৪ মিনিটে অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ারের আত্মঘাতী গোলে।

৮৫ মিনিটে পেনাল্টি থেকে একটা গোল শোধ করেন ব্রুনো ফার্নান্দেজ। কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে! ৩-১ ব্যবধানে হেরে একমাত্র শিরোপার আশা শেষ হয় রেড ডেভিলদের। এদিকে ২০১৭ সালের পর আবারও ফাইনালে লন্ডন ডার্বির দেখা পাওয়া নিশ্চিত হয়। আগামী ১ আগস্ট শিরোপার লড়াইয়ে নামবে চেলসি আর আর্সেনাল।