ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বংশালে বৃষ্টির জমে থাকা পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সেলুন দোকানের কর্মচারী আলআমিনের মৃত্যু হয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিলাপুর গ্রামে। আলআমিনের সহকর্মী জাহাঙ্গীর হোসেন বলেন, বংশালের হাজী ওসমান গনি রোডে সেলুন দোকানের পাশেই মেসে থাকতেন তিনি। সকালে দোকান মালিকের ছোট ভাই হাসেমের সঙ্গে দোকানে যায় আলআমিন। দোকানে গিয়ে দেখতে পান, ভেতরে হাঁটুপানি। তারা দোকান খুলে পানি পরিষ্কার করার সময় আলআমিন বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।