আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে চাঁদা না দেওয়ায় বালুবাহী ছয়টি বোট আটকে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাহেববাজার এলাকায় মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। কুমিল্লার মেঘনা এলাকার বাতেন অভিযোগ করেন, সিলেট থেকে বালু নিয়ে দাউদকান্দি যাওয়ার পথে কয়েকজন চাঁদাবাজ বালুবাহী ছয়টি বোট আটকে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা শ্রমিকদের মারধর করে টাকা পয়সা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। খবর পেয়ে কালাপাহাড়িয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কালাপাহাড়িয়া ফাঁড়ির এস আই রাশেদ মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে গেছে।