স্বাস্থ্য খাতে অনিয়ম রোধেই হাসপাতালে অভিযান : তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতি রোধেই হাসপাতালগুলোতে অভিযান চলছে। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামে’র সঙ্গে মতবিনিময় শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ফোরামের সভাপতি কাওসার রহমান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মতবিনিময়কালে বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতে সব ধরনের অনিয়ম-দুর্নীতি রোধে সরকারের কর্মসূচির অংশ হিসেবেই শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজে অভিযান পরিচালনা করা হয়েছে। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মালিক শাহাবুদ্দিন বিএনপির একজন নেতা, তিনি গত নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সংসদ নির্বাচনও করেছিলেন।’ এখানে সরকার কে কোন্ দলের, তা দেখছে না উল্লেখ করে ড. হাছান বলেন, ‘প্রতারক সাহেদ আওয়ামী লীগের কোনো কমিটিতে না থেকেও আওয়ামী লীগের নাম ভাঙানোর চেষ্টা করেছে, কিন্তু পার পায়নি। অনিয়মের সঙ্গে যুক্ত যেই হোক, দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’

এসময় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে পরিবেশ গবেষক ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম ২০০৯ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে এবং পৃথিবীর হাতেগোনা দু-একটি দেশের মধ্যে প্রথম নিজস্ব অর্থায়নে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করে। এই ট্রাস্ট ফান্ড এখনো চলমান এবং এর মাধ্যমে নেওয়া উদ্ভাবনী প্রকল্পগুলো অন্য দেশের জন্য উদাহরণ।