অর্থের জন্য মৃতের হাত বেঁধে রাখার ঘটনা তদন্তে পিবিআইকে নির্দেশ

ইত্তেফাক রিপোর্ট

অর্থের জন্য ঢাকার মালিবাগের প্রশান্তি হাসপাতালে বিছানার সঙ্গে মৃত রোগীর হাত বেঁধে রাখার অভিযোগের ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্ত করে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় দায়ের করা অভিযোগ এজাহার হিসেবে নিতে শাহজাহানপুর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আবেদনের পক্ষে অ্যাডভোকেট জহির উদ্দিন লিমন শুনানি করেন।

‘করোনায় মৃত, মালিবাগে টাকার জন্য বেঁধে রাখা হলো লাশের হাত’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।