বন্যায় এ পর্যন্ত ৩৪৯ কোটি টাকার ফসলের ক্ষতি

বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে মতবিনিময়

ইত্তেফাক রিপোর্ট

বন্যায় এ পর্যন্ত প্রায় ৩৪৯ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বন্যায় আউশ, আমন, সবজি, পাটসহ বেশ কিছু ফসলের অনেক ক্ষতি হয়েছে। তবে বন্যা পরিস্থিতির আর অবনতি না হলে কৃষি মন্ত্রণালয় যেসব কর্মসূচি নিয়েছে তাতে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা যাবে।

গতকাল সোমবার সচিবালয়ে ‘বন্যার ক্ষয়ক্ষতি ও তা উত্তরণে করণীয়’ বিষয়ে কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আমনের জন্য বিকল্প বীজতলা তৈরি, ক্ষতিগ্রস্ত জমিতে বিকল্প ফসলের চাষের ব্যবস্থা, নিয়মিতভাবে আবহাওয়া মনিটরিংসহ সব ধরনের প্রস্তুতি চলছে যাতে করে বন্যার কারণে ফসলের ক্ষতি মোকাবিলা করা যায়। তিনি বলেন, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হলেও আমনে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

সভায় জানানো হয়, অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও নদনদীর পানি বৃদ্ধির কারণে সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, রাজশাহী, মানিকগঞ্জ, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, টাঙ্গাইলসহ ২৬টি জেলার প্রায় ৮৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতি গ্রস্ত হয়েছে। 

গতকাল অনলাইন সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মুঈদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নাজিরুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, বিএডিসির চেয়ারম্যান সায়েদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।