ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে গতকাল সোমবার। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানচেট এক প্রতিবেদনে বলেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড ভ্যাকসিনের প্রথম ধাপের হিউম্যান ট্রায়ালে নিরাপদ প্রমাণিত হয়েছে। পরীক্ষায় উঠে এসেছে, এই ভ্যাকসিন মানবশরীরের ইমিউনিটিকে শক্তিশালী করে।
বিবিসি ও দ্য টেলিগ্রাফ জানায়, প্রথম ধাপে ১ হাজার ৭৭ জনের ওপর চালানো পরীক্ষায় দেখা গিয়েছে, তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং সেই সঙ্গে সাদা রক্ত কণিকা উত্পন্ন হয়েছে, যা কি না করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে সক্ষম। ইতিমধ্যে ব্রিটিশ সরকার অক্সফোর্ডের নিকট থেকে ১০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের চুক্তি করেছে। ইবোলার টিকা আবিষ্কারক অধ্যাপক সারাহ গিলবার্ট এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। গত এপ্রিল থেকেই এই ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা শুরু হয়। বিজ্ঞানী এলিসা গ্রানাটো ও আরো এক ব্যক্তির শরীরে এটি প্রথমবারের মতো প্রয়োগ করা হয়। এরপর প্রথম পর্যায়ে স্বল্পসংখ্যক স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগের পর দ্বিতীয় পর্যায়ে এক হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে ভ্যাকসিন দেওয়া হয়। সাফল্য আসায় চালানো হয় তৃতীয় পর্যায়ের পরীক্ষা। সর্বশেষে এটি চলছে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায়। ব্রাজিলে ৩ হাজার ও দ.আফ্রিকায় ২ হাজার স্বেচ্ছাসেবীর ওপর এই পরীক্ষা চালানো হচ্ছে। ভ্যাকসিন নেওয়া স্বেচ্ছাসেবীদের দেহ থেকে রক্তের নমুনা সংগ্রহের পর পরীক্ষায় দেখা গেছে, এটি দেহে অ্যান্টিবডি এবং ‘কিলার টি-সেল’ উত্পাদনে সক্ষম হয়েছে।