কোভিড-১৯ বা করোনা ভাইরাস সংক্রমণে সরকারি হিসাবে জার্মানিকেও ছাড়িয়ে গেল বাংলাদেশ। দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৯২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে ৫০ জনের। এ পর্যন্ত মোট মারা গেছেন ২ হাজার ৬৬৮ জন। আগের দিনের চেয়ে করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু সবই বেড়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। এর বিপরীতে জার্মানিতে গতকাল পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগী ছিল ২ লাখ ২ হাজার ৯০১ জন। ইউরোপের দেশটিতে একই সময়ের ব্যবধানে মারা গেছে ৯ হাজার ১৬৩ জন।
গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস-সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। বাংলাদেশ এখন আক্রান্তের সংখ্যায় বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় ১৬তম।
দেশে এ পর্যন্ত মোট ১০ লাখ ৪১ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৭ হাজার ৪৫৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৯১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৪ জন। রবিবারের চেয়ে গতকাল ৩৬৮ জন বেশি সুস্থ হয়েছেন। তিনি জানান, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৩২৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১০ হাজার ৯৩৫ জনের। ২৪ ঘণ্টায় দেশের ৮০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৬২ জনের। তার আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১০ হাজার ৬২৫ জনের। অর্থাত্ আগের দিনের চেয়ে ২ হাজার ৭৩৭টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।